অবসরের চার বছর পর ফের কোর্টে ফিরছেন সেরেনা!

অবসরের চার বছর পর ফের কোর্টে ফিরছেন সেরেনা!

ছবি: সংগৃহীত

২০২২ সালের ইউএস ওপেনের পর টেনিস র‌্যাকেট তুলে রাখেন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তবে অবসরের চার বছর পর আবারও টেনিস কোর্টে ফিরছেন বলে গুঞ্জন উঠেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ডাবলস ইভেন্টে ওয়াইল্ডকার্ড নিয়ে খেলতে পারেন ৪৪ বছর বয়সী সেরেনা।

২০২২ সালে টেনিস থেকে চিরতরে বিদায় বলেছিলেন সেরেনা উইলিয়ামস। তবে ২০২৬ সালের এই সম্ভাব্য প্রত্যাবর্তন হুট করে হয়নি। টেনিসের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে হলে বাধ্যতামূলক ডোপ টেস্টের পুলে থাকতে হয়। সেরেনা গত বছরই বেশ গোপনে আন্তর্জাতিক টেনিসের অ্যান্টি-ডোপিং পুলে নিজের নাম নিবন্ধিত করেছিলেন এবং গত ২২ ফেব্রুয়ারি তার ৬ মাসের বাধ্যতামূলক ডোপ টেস্টের মেয়াদ শেষ হয়েছে। ফলে এখন ডব্লিউটিএ ট্যুরে ম্যাচ খেলার জন্য তার আর কোনো আইনি বা মেডিকেল বাধা নেই।

সেরেনার এই প্রত্যাবর্তনের খবরের পেছনে রয়েছে তার সাম্প্রতিক অবিশ্বাস্য শারীরিক পরিবর্তন। গত কয়েক মাস ধরেই মার্কিন মিডিয়ায় সেরেনার অতিরিক্ত ওজন কমানো নিয়ে ব্যাপক চর্চা হচ্ছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেরেনা জানান, তিনি কঠোর জিম, সাইক্লিং এবং দিনে প্রায় ৫ ঘণ্টা পরিশ্রম করে গত ৮ মাসে প্রায় ১৪ কেজি (৩১ পাউন্ড) ওজন কমিয়েছেন। ওজন কমানোর এই মিশনকে তিনি কোর্টের কোনো শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখেছিলেন। বর্তমানে তিনি হাফ-ম্যারাথনে দৌড়ানোর মতো ফিটনেস অর্জন করেছেন।

কুইন্স ক্লাবের টুর্নামেন্ট ডিরেক্টরেট সাধারণত ব্রিটিশ খেলোয়াড়দের ওয়াইল্ডকার্ড দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিলেও সেরেনা উইলিয়ামসের মতো সর্বকালের সেরা খেলোয়াড়ের প্রত্যাবর্তনের বাণিজ্যিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে লন টেনিস অ্যাসোসিয়েশন তাকে বিশেষ বিবেচনায় ওয়াইল্ডকার্ড দিতে প্রস্তুত।