যুক্তরাষ্ট্রে চালু হলো এলিয়েন ওয়েবসাইট, নজরদারিতে যারা
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস নতুন একটি ওয়েবসাইট চালু করেছে, যার নাম এলিয়েন ডট গভ। প্রথম দেখায় এটি ভিনগ্রহবাসী বা ইউএফও-সংক্রান্ত কোনো গোপন তথ্য প্রকাশের ওয়েবসাইট বলে মনে হলেও, আসলে এটি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বিদেশি নাগরিকদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।
ওয়েবসাইটটিতে মহাকাশভিত্তিক নকশা ব্যবহার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, তারা আমাদের মধ্যেই হাঁটছে।
সাইটটিতে দাবি করা হয়েছে, কয়েক দশক ধরে এলিয়েনরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বসবাস করছে এবং সমাজের সঙ্গে মিশে গেছে। তবে এখানে এলিয়েন বলতে ভিনগ্রহের প্রাণী নয়, বরং যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের বোঝানো হয়েছে।
ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রজুড়ে এলিয়েন গ্রেপ্তারের একটি মানচিত্রও যুক্ত করা হয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য একটি টিপ বক্স রাখা হয়েছে, যেখানে তারা সন্দেহভাজন এলিয়েন সম্পর্কে তথ্য দিতে পারবেন।
সাইটটিতে আরও বলা হয়েছে, বহু বছর ধরে সরকারি কর্মকর্তারা এই পরিস্থিতি সম্পর্কে জানতেন, কিন্তু তা প্রতিরোধের পরিবর্তে আড়াল করেছেন। শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে সরাসরি কথা বলেছেন।
ওয়েবসাইটের শেষাংশে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখা হয়েছে, যদি আপনি কোনো এলিয়েন অপহরণের ঘটনা দেখে থাকেন, উদ্বিগ্ন হবেন না। এলিয়েন নিরাপদ হাতেই আছে। আমরা তার দেখভাল করব এবং তাকে তার উৎসস্থলে ফিরিয়ে দেব।
এদিকে অভিবাসন অধিকারবিষয়ক সংগঠন আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল জানিয়েছে, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অভিবাসন আটককেন্দ্রে প্রায় ৭৩ হাজার মানুষ আটক ছিলেন।
উল্লেখ্য, অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কার নীতির বিরুদ্ধে গত বছর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে। অভিবাসন প্রয়োগকারী সংস্থার (আইসিই) কর্মকাণ্ড নিয়েও সমালোচনাও অব্যাহত রয়েছে।
সূত্র : এনডিটিভি