রোমানিয়াকে ড্রোন হামলার ঘটনা তদন্ত করতে বললেন পুতিন
ফাইল ছবি।
রোমানিয়ার একটি আবাসিক ভবনে ড্রোন হামলার ঘটনায় দেশটিকে তদন্ত করতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।শুক্রবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
পুতিন বলেন, ইউক্রেনীয় ড্রোন এর আগে ফিনল্যান্ড, পোল্যান্ড এবং বাল্টিক রাষ্ট্রগুলোর আকাশসীমা অতিক্রম করেছিল, যার ফলে শুরুতে মস্কোর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তবে পরে তদন্তে ভিন্ন ফল পাওয়া যায়।
পুতিন বলেন, “আমরা জানি ইউক্রেনীয় ড্রোন ফিনল্যান্ড, পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলোতেও উড়ে গিয়েছিল। প্রথম প্রতিক্রিয়াও ছিল ঠিক এখন রোমানিয়ার মতোই—‘রাশিয়ানরা আসছে, রাশিয়ানরা আক্রমণ করছে।’ কিন্তু অল্প সময় পর দেখা গেল, এসব ড্রোনের সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক ছিল না।”
তার মতে, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা বা প্রযুক্তিগত ত্রুটির কারণে ড্রোন তাদের নির্ধারিত পথ থেকে বিচ্যুত হতে পারে। তিনি বলেন, “এই ক্ষেত্রে, আমার মনে হয় সম্ভবত আমরা ঠিক এমনই একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছি।”
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, যদি রোমানিয়া বা তার সহযোগীরা মস্কোকে “নিরপেক্ষ তথ্য” সরবরাহ করে, তাহলে রাশিয়া নিজস্ব তদন্ত করবে।
যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে প্রশ্নের জবাবে পুতিন বলেন, ইউক্রেনের সংঘাত শেষের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে নির্দিষ্ট সময়সীমা পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, “আমাদের বাহিনী সব দিকেই অগ্রসর হচ্ছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন।'
একই সঙ্গে তিনি বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ড্রোন সরবরাহ অব্যাহত রেখেছে, যা রাশিয়ার ভূখণ্ডে হামলায় ব্যবহৃত হচ্ছে। তাই রাশিয়াকে তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে।
চলমান যুদ্ধ সত্ত্বেও পুতিন বলেন, শান্তি প্রক্রিয়া নিয়ে কিছু যোগাযোগ এখনো বিদ্যমান, যদিও আনুষ্ঠানিক কোনো আলোচনা চলছে না।
“আমরা প্রস্তুত। আমরা কখনোই আলোচনা প্রত্যাখ্যান করিনি এবং কখনো বন্ধও করিনি,” তিনি বলেন।
তিনি ইউরোপীয় রাজনীতিবিদদের সেই মন্তব্যেরও সমালোচনা করেন, যেখানে তারা রাশিয়ার “আগ্রাসী পরিকল্পনা” নিয়ে অভিযোগ করেছেন এবং সেগুলোকে “অর্থহীন” বলে অভিহিত করেন।
লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে—যেখানে বলা হয়েছিল ন্যাটোর বাল্টিক সদস্যরা প্রয়োজনে কালিনিনগ্রাদ অঞ্চলে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ঘাঁটি ধ্বংস করতে পারে—পুতিন বলেন, “রাশিয়ান ফেডারেশনের কাছে যে কেউ এটি করার চেষ্টা করলে তাকে সম্পূর্ণভাবে প্রতিহত করার সব ক্ষমতা রয়েছে।”
লাটভিয়ার ভূখণ্ড থেকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলা চালাতে পারে—এমন প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সতর্ক করে বলেন, “যে সব স্থান থেকে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক হুমকি আসে, সেগুলো বৈধ লক্ষ্য।”
তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার জন্য সম্ভাব্য নতুন প্রতিনিধি নিয়োগ নিয়ে রাশিয়া সতর্কভাবে বিবেচনা করবে।
আর্মেনিয়ার পশ্চিমের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার প্রসঙ্গে পুতিন সতর্ক করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও একীকরণ হলে দেশটি ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নে তার সুবিধা হারাতে পারে—যার মধ্যে রয়েছে কম দামে জ্বালানি, সহজ বাণিজ্য ও অভিবাসন নীতি এবং রাশিয়ার বিনিয়োগ।
তিনি বলেন, কিছু বিশেষজ্ঞের মতে আর্মেনিয়া এমন পরিস্থিতিতে তার জিডিপির প্রায় ১৪ শতাংশ পর্যন্ত হারাতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আর্মেনীয় জনগণের, এবং তিনি দেশটির ভূরাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দ্রুত গণভোটের আহ্বান পুনর্ব্যক্ত করেন।