যে কারনে প্রেমের প্রস্তাব পান না তুষি
ছবিঃ সংগৃহীত।
নতুন প্রজন্মের অভিনেত্রী নাজিফা তুষি পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন।তবে ব্যক্তিজীবনে প্রেম ও সম্পর্ক নিয়ে তার ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার সেই বিষয়েই খোলামেলা কথা বললেন এ অভিনেত্রী।
ঈদুল আজহা উপলক্ষে বিশেষ আয়োজন ‘জাগো তারকা’ অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিজীবন, ঈদ উদযাপন এবং ক্যারিয়ারের নানা দিক নিয়ে কথা বলেন তুষি।
আলাপচারিতার একপর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়, ‘প্রেসার কুকার’ সিনেমায় অভিনেতা রিজভি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তুষির সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা বেশ কঠিন। বাস্তব জীবনেও কি তুষির সঙ্গে প্রেম করা কঠিন? মানুষ কি তাকে ভয় পায়?
এ প্রশ্নের জবাবে নাজিফা তুষি বলেন, ‘ভয় পায় মনে হয়। এই ভয়ে আর কেউ কিছু বলে না। আমাকে তো কেউ প্রপোজই করে না।’
প্রেমের প্রস্তাব না পাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘সবাই মনে করে যে আমার মনে হয় কত কত বয়ফ্রেন্ড আছে। আমি মনে হয় কত আদর্শ প্রেমিকা! কিন্তু কই! আমাকে তো কোনো ছেলে কিছু বলে না।’
তুষির ভাষ্য, অনেকেই তাকে পছন্দ করেন বলে জানান, কিন্তু সরাসরি মনের কথা বলতে এগিয়ে আসেন না। ‘সবাই খালি বলে, হ্যাঁ মেয়েটা ভালো... ভালো... পছন্দ হয়’ যোগ করেন তিনি।
সাক্ষাৎকারে আরও একটি প্রচলিত ধারণার জবাব দেন তুষি। অনেকেই মনে করেন তিনি বেশ রাগী স্বভাবের। তবে এ ধারণা উড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেন, বাস্তবে তিনি একেবারেই ভিন্ন।
তার ভাষায়, ‘এমনটা মোটেই না। আমি অনেক ফানি টাইপের মানুষ। যদি আমার সঙ্গে কেউ মিশতে পারে, আমি খুবই সিম্পল এবং সহজ মানুষ।’
নাজিফা তুষির এই মন্তব্যে উঠে এসেছে তার ব্যক্তিজীবনের এক ভিন্ন দিক। পর্দার আত্মবিশ্বাসী উপস্থিতির কারণে অনেকেই হয়তো তাকে দূর থেকে দেখেই কিছু ধারণা করে নেন। আর সেই কারণেই হয়তো পছন্দ থাকলেও অনেকেই প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস পান না বলে মনে করেন এই অভিনেত্রী।