মে মাসে দেশে এলো ৩৪২ কোটি ডলার রেমিট্যান্স

মে মাসে দেশে এলো ৩৪২ কোটি ডলার রেমিট্যান্স

ফাইল ছবি

সদ্য বিদায়ী মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৫ লাখ ডলার।

সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার।

এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল চলতি বছরের মার্চ মাসে, যখন দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার।

মে মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৬ কোটি ৬৪ লাখ ৯০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ২৩৮ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার।

আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগে, গত এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স আসে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার। আর মার্চ মাসে প্রবাসীরা পাঠান ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে, ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার।

তৃতীয় সর্বোচ্চ আসে একই বছরের ডিসেম্বরে। তখন প্রবাসী আয় ছিল ৩২২ কোটি ৬৬ লাখ ডলার। আর চলতি বছরের জানুয়ারিতে দেশে আসে ৩১৭ কোটি ডলার, যা চতুর্থ সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে বিবেচিত হচ্ছে।