শেরপুরে জুয়ার আসর থেকে ৭ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার
প্রতিকি ছবি
শেরপুর শহরে জুয়া খেলার অভিযোগে সাত স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার (৩১ মে) গভীর রাতে শহরের মুন্সিবাজার এলাকার সাহেরা প্লাজার চতুর্থ তলায় স্বর্ণ ব্যবসায়ী অনির্বাণ বর্মণের ভাড়া বাসায় অভিযান চালিয়ে জুয়া খেলার তাস ও নগদ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— শহরের নিরুদ সাহার ছেলে সম্মু সাহা (৪৮), পাকুড়িয়া ফকিরপাড়া গ্রামের আমীর উদ্দিনের ছেলে মিঠু আহমেদ, শহরের গৃদ্দানারায়ণপুর মহল্লার দুলাল কর্মকারের ছেলে বাসুদেব কর্মকার (৩৫), গাজীপুর জেলার ভাওয়াল মির্জাপুর গ্রামের বাবুল কর্মকারের ছেলে সুজয় কর্মকার (২৮), শ্রীবরদী উপজেলার রানীশিমুল গ্রামের বসন্ত বর্মণের ছেলে অনির্বাণ বর্মণ (৩৫), শহরের রাজভল্লবপুর মহল্লার হুমায়ুন মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৫) এবং ঢাকলহাটি মহল্লার নিতাই চন্দ্র দাসের ছেলে সুজিত চন্দ্র দাস (৪০)।
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাহেরা প্লাজার চতুর্থ তলায় অভিযান চালানো হয়। এ সময় তাদের তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়। পরে জুয়া খেলার আলামতসহ তাদের থানায় নিয়ে যাওয়া হয় এবং সোমবার আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অনির্বাণ বর্মণের ভাড়া বাসায় নিয়মিত জুয়ার আসর বসত।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা অভিযোগ ছিল।