মুন্সিগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মানিক খাঁন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) সকালে উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ এলাকায় নিজ চাচার বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মানিক খাঁন রাউৎভোগ গ্রামের আবু তাহের খাঁনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে মানিক তার চাচা বিপ্লব খাঁনের সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে পড়েন।
রাত আনুমানিক দেড়টার দিকে তিনি ঘর থেকে বের হওয়ার সময় গরম লাগছে বলে বাইরে যাওয়ার কথা জানান। পরে ভোরে পরিবারের সদস্যরা তাকে বাড়ির দক্ষিণ পাশে একটি কাঁঠাল গাছের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় টঙ্গীবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, প্রায় এক বছর আগে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার পর তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
টঙ্গীবাড়ি থানা পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।