সরকার স্বাস্থ্যখাতের আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সরকার স্বাস্থ্যখাতের আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সংগৃহীত ছবি

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট ডায়াবেটিক হাসপাতাল এই অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল। প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স এবং স্থানীয় মানুষের নিঃস্বার্থ সহযোগিতায় এই অঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর।

তিনি বলেন, সরকার স্বাস্থ্য খাতের আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এই হাসপাতালের আধুনিকায়ন ও সেবার পরিধি বাড়াতে আমরা নানামুখী টেকসই পরিকল্পনা হাতে নিয়েছি, যা দ্রুত বাস্তবায়ন করা হবে। কোনো মানুষ যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সেবার মানসিকতাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে যারা চিকিৎসা নিতে আসেন, তারা যেন কেবল ওষুধ নয়, বরং ডাক্তার ও নার্সদের আন্তরিক ব্যবহারের মাধ্যমেও সুস্থতা বোধ করেন। আমি হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আরও বেশি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সাধারণ মানুষকে সেবা দেওয়ার আহ্বান জানাচ্ছি।

বুধবার বিকাল ৩টায় সভাকক্ষে সিলেট ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম.এ. আহবাবের সভাপতিত্বে ও ডা. আব্দুল মোক্তাদির কোরেশী সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম।

উপস্থিত নেতৃবৃন্দ ও চিকিৎসকেরা হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন ও অবকাঠামোগত উন্নয়নের জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় প্রশাসনিক ও সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।