তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: আমানউল্লাহ আমান
ফাইল ছবি
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলছেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজ বুধবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নে আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, দেশের তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য সৃজনশীল কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একটি সুস্থ ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার অবকাঠামো উন্নয়ন এবং খেলার মাঠ সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। তরুণদের জন্য পর্যাপ্ত ক্রীড়া সুযোগ নিশ্চিত করা গেলে তারা বিপথগামী হওয়ার ঝুঁকি থেকে অনেকাংশে মুক্ত থাকবে।
মাদকের সামাজিক প্রভাব তুলে ধরে আমানউল্লাহ আমান বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই দেশে মাদক ব্যবসায়ীদের কোনো স্থান হতে পারে না। মাদক নির্মূলে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করতে হবে।
অনুষ্ঠানে তিনি মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ঢাকা-২ আসনে কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজের স্থান হবে না। কেউ দলীয় পরিচয় ব্যবহার করে অপকর্মে জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন বয়সী খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। পরে টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।