রায়গঞ্জে স্কুলে যাওয়ার পথে শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
প্রতিকি ছবি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্কুলে যাওয়ার পথে মানসিক প্রতিবন্ধী দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে র্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মো. শান্ত (২৫) উপজেলার পূর্বলক্ষ্মীখোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৬ এপ্রিল সকালে পূর্ব লক্ষ্মীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার যুবক শান্ত শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে গত ৩ মে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর থেকে অভিযুক্ত শান্ত পলাতক ছিলেন। বুধবার সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সৈয়দ স্পিনিং মিলের সামনে থেকে র্যাব সদস্যরা আসামি শান্তকে গ্রেপ্তার করে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।