ব্যবসায়ীকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে টাকা লুট
প্রতিকি ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় সালাউদ্দিন হাওলাদার নামে এক গরু ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় তাকে পুকুর পারে মৃত ভেবে ফেলে রেখে সাথে থাকা টাকা ছিনিয়ে নেয় তারা। শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ওই ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহত ব্যবসায়ীর স্ত্রী তহমিনা বেগম ও তার বড় ভাই মো.আয়নাল হাওলাদার এ ঘটনার জন্য একই এলাকার ইয়াসিন গাজী ও তার পিতা আমির গাজী, ভাই ইব্রাহিম গাজীকে দায়ী করে বলেন, তার স্বামী গরু বিক্রি করে বাজার নিয়ে বাসায় ফিরছিলেন। পূর্ব বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করবেন তিনি বলে জানান।
কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মালেক জানান, সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে রেফার করা হয়েছে।
মহিপুর থানার ওসি মো. শামিম রেজা জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।