রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নিতে গিয়ে কিশোরের মৃত্যু
প্রতিকি ছবি
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
১৪ বছরের ওই কিশোরের নাম সাজ্জাদ, তার বাবার নাম সাজু। তাদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে।
তারা রাজপাড়া থানা এলাকার গ্রেটার রোড বন্ধ গেট মসজিদের পেছনে একটি ভাড়াবাসায় বসবাস করতেন।
ফায়ার সার্ভিস জানায়, বেলা পৌনে ১১টার দিকে তারা বিষয়টি নিয়ে খবর পান। তেরখাদিয়া স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। সেখানে একটি বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘু পাখির বাসা ছিল।
কিশোর সাজ্জাদ ওই বাসা থেকে পাখির বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর সে একটি বাড়ির টিন ও তারের সঙ্গে আটকে ঝুলে ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহায়তায় তাকে উদ্ধার করেন। এরপর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পরবর্তী আইনি কার্যক্রম শেষে কিশোরের মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে