চোট কাটিয়ে দলে ফিরলেন মেসি, দ্বিতীয়ার্ধে নামবেন মাঠে
লিওনেল মেসি
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা। আগামী সপ্তাহে বিশ্বকাপের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এটিই আলবিসেলেস্তেদের শেষ পরীক্ষা।
বুধবার (১০ জুন) আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে এই ম্যাচের প্রথম একাদশে হন্ডুরাসের বিপক্ষে জয়ের ম্যাচ থেকে চারটি পরিবর্তন এনেছেন স্কালোনি। তবে, প্রথম একাদশে নেই লিওনেল মেসির নাম। ভালো খবর হচ্ছে, চোট কাটিয়ে ম্যাচের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন আলবিসেলেস্তেদের নিয়মিত অধিনায়ক। ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলতে গিয়ে পাওয়া পেশির চোট থেকে সেরে ওঠায় তাকে বেঞ্চে রেখেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। দ্বিতীয়ার্ধে মাঠে নামবেন মেসি।
মেসির জায়গায় শুরুর একাদশে খেলছেন নিকো পাজ । কোমোর এই তরুণ মিডফিল্ডার হাঁটুর চোট থেকে সেরে উঠে সোমবার (৮ জুন) পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন। এর আগে কোমোর হয়ে হেল্লাস ভেরোনার বিপক্ষে ম্যাচে তিনি চোট পেয়েছিলেন।
রক্ষণভাগে একটি পরিবর্তন রয়েছে। রাইট-ব্যাকে আবারও শুরুর একাদশে খেলছেন অগাস্টিন গিয়াই। নিকোলাস কাপালদোকে বেঞ্চে থাকতে হচ্ছে। সেন্টার-ব্যাকে ফিরছেন নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্র মার্টিনেজ। লেফট-ব্যাকে খেলছেন ফাকুন্দো মেদিনা। দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ান রোমেরো ও গনসালো মন্তিয়েলকে দেখা যেতে পারে।
বিশ্বকাপের আগে স্কালোনি তার নিয়মিত মিডফিল্ডারদের বিশ্রাম দিচ্ছেন। ফলে এজেকুয়েল পালাসিওস, জিওভান্নি লো সেলসো, ভ্যালেন্টিন বার্কো এবং জুলিয়ানো সিমিওনে প্রথম একাদশে খেলছেন। আক্রমণে নিকো পাজের পাশাপাশি সুযোগ পেয়েছেন হোসে মানুয়েল লোপেজ, বদলি হিসেবে আছেন লাউতারো মার্টিনেজ।
এদিকে এমিলিয়ানো মার্টিনেজ, লিয়ান্দ্রো পারেদেস এবং হুলিয়ান আলভারেজ এখনও চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি এবং এই ম্যাচে খেলছেন না। তাদের ঝুঁকিতে না ফেলে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত রাখাই দলের লক্ষ্য। পারেদেস ও আলভারেজকে সেই ম্যাচে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ:
গোলরক্ষক: জেরেনিমো রুল্লি;
ডিফেন্ডার: অগাস্টিন গিয়াই, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা;
মিডফিল্ড: জিওভান্নি লো সেলসো, এজেকুয়েল পালাসিওস, ভ্যালেন্টিন বার্কো;
ফরোয়ার্ড: নিকো পাজ, হোসে মানুয়েল লোপেজ ও জুলিয়ানো সিমিওনে।