বিশ্বকাপে মার্কিন ভিসা না পেলে টিভি উপহার দেবে আর্জেন্টিনা
সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ দেখার জন্য ভিসা না পাওয়া বহু আর্জেন্টাইন নতুন একটি বিনামূল্যের টেলিভিশনে খেলা দেখার সুযোগ পাচ্ছেন। এ সুযোগ করে দিচ্ছে আর্জেন্টিনার ব্যবসায়িক প্রতিষ্ঠান নিউসান।
বৃহস্পতিবার (১১ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নিউসান ঘোষণা দিয়েছে, যারা ২০২৬ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ভিসার আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন এবং বুধবার (১০ জুন) বুয়েনস আইরেসে তাদের অফিসের সামনে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রথম ১০০ জনের মধ্যে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে স্থানীয় ব্র্যান্ড নোব্লেক্সের একটি করে টেলিভিশন দেয়া হবে।
প্রতিষ্ঠানটির ইনস্টাগ্রামে প্রকাশিত একটি বিজ্ঞাপনে বলা হয়, ‘আপনার প্রত্যাখ্যাত ভিসার কাগজ নিয়ে আসুন, আর নিয়ে যান একটি ফ্রি টিভি।’
সৌভাগ্যবান বিজয়ীদের একজন ছিলেন ২৪ বছর বয়সী পেশাদার ভিডিওগেম খেলোয়াড় টোমাস ভ্যাগেলার। তিনি বলেন, ‘আমি ভিসার জন্য আবেদন করেছিলাম, কারণ আমরা সবাই মনে করি এটি হয়তো মেসির শেষ বিশ্বকাপ হবে। আমি সরাসরি খেলা দেখতে যেতে পারব না, এটা খুবই দুঃখজনক। তবে অন্তত একটি উপহার নিয়ে ফিরছি।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিন বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনায় ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে ফুটবল-উন্মাদনা তুলনামূলকভাবে অনেক কম দেখা যাচ্ছে। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপকে ঘিরে মানুষের আগ্রহ ২০২২ সালের মতো তীব্র নয়। অনেকেই ২০২২ সালের আসরটিকে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের শেষ বড় সুযোগ হিসেবে দেখেছিলেন।