দিনাজপুরের কান্তজীউ মন্দির পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত

দিনাজপুরের কান্তজীউ মন্দির পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত

সংগৃহীত ছবি

দিনাজপুরের কান্তজীউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। শুক্রবার বিকাল ৩টায় তিনি মন্দির প্রাঙ্গণে পোঁছান। এ সময় তাকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব ওনার প্রদান করে।

পরিদর্শনের সময় রাষ্ট্রদূত মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর ইতিহাস, নির্মাণশৈলী ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। 

তিনি ঐতিহ্যবাহী স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করে বলেন, কান্তজীউ মন্দির শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক সম্পদ।

এ সময় দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইশতিয়াক আহমেদ, এএসপি মো. মনিরুজ্জামান, দিনাজপুর রাজদেবত্বর স্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ, রাজদেবত্তর স্টেটের সদস্য ডা. ডি সি রায় উপস্থিত ছিলেন। 

এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা রাষ্ট্রদূতকে মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব ও পর্যটন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, চীনের রাষ্ট্রদূতের এ সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচিতি লাভ করবে। 

উল্লেখ্য, ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দির দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এর নান্দনিক টেরাকোটা অলংকরণ ও অনন্য স্থাপত্যশৈলী দেশি-বিদেশি পর্যটকদের কাছে দীর্ঘদিন ধরে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে।