শিশু ফাহিমা ধর্ষণচেষ্টা ও খুনের মামলার চার্জশিট প্রদান
প্রতিকি ছবি
সিলেটে চার বছরের শিশু ফাহিমাকে ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার চার্জশিট প্রদান করেছে পুলিশ। চার্জশিটে মামলার প্রধান আসামি জাকির হোসেন ও তার দুই ভাই জয়নাল আহমদ এবং আবুল কালামকে অভিযুক্ত করা হয়েছে।
শুক্রবার এ তথ্য জানান সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম।
নিহত ফাহিমা আক্তার সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের রাইসুল হকের মেয়ে।
এসএমপির গণমাধ্যম কর্মকর্তা জানান, বৃহস্পতিবার আদালতে ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার চার্জশিট প্রদান করা হয়েছে। চার্জশিটে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে জাকির হোসেনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া লাশ গুমের চেষ্টায় সহযোগিতার জন্য জাকিরের দুই ভাই জয়নাল ও কালামকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা ফাহিমার প্রতিবেশী ও সম্পর্কে চাচা। এদের মধ্যে জাকিরকে ঘটনার পরই গ্রেপ্তার করে পুলিশ।
গত ৬ মে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু ফাহিমা। এর দুদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ১১ মে রাতে ফাহিমাকে হত্যার অভিযোগে তার প্রতিবেশী চাচা জাকির হোসেনকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের কাছে ও আদালতে ১৬৪ ধারায় এই ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন জাকির।
জাকিরকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ৬ মে সকালে ফাহিমাকে দোকান থেকে সিগারেট আনতে পাঠায় জাকির। সিগারেট আনার পর স্ত্রীর অনুপস্থিতিতে ফাঁকা ঘরে ফাহিমাকে ধর্ষনের চেষ্টা চালায় সে। এসময় ফাহিমা জ্ঞান হারালে তাকে শ্বাসরোধ করে হত্যা করে জাকির। পরে লাশ গুমের চেষ্টায় জাকিরকে সহযোগিতা করে তার দুই ভাই।