মোংলায় কুমিরের আক্রমণে নারী জেলে নিহত
প্রতিকি ছবি
বাগেরহাটের মোংলার জয়মনি লঞ্চঘাট সংলগ্ন সুন্দরবনের শ্যালা নদীতে কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫৫) নামে এক নারী জেলে নিহত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই নারীসহ তিন জেলে নেটজাল দিয়ে মাছের পোনা ধরার সময় এ ঘটনা ঘটে। পরে ৬টার দিকে অন্য জেলেরা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা এবং স্থানীয় মোটরসাইকেল চালক জাহিদুল শেখের মা।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সেলিনা বেগম সুন্দরবনের শ্যালা নদীতে চিংড়ি মাছের রেনু পোনা সংগ্রহের জন্য খুচুনি নেট (জাল) টানছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে নদীর পানিতে টেনে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা অন্য জেলেরা কাঠের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করে একপর্যায়ে সেলিনাকে ছাড়া সক্ষম হন।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, শ্যালা নদীতে মাছ ধরার সময় কুমিরের হামলায় সেলিনা বেগম নামে এক নারী জেলে প্রাণ হারিয়েছেন।
এ ঘটনায় সুন্দরবনসংলগ্ন নদী ও খালে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগ ও স্থানীয় প্রশাসন জেলেদের সতর্কতার সঙ্গে সুন্দরবনের নদী-খালে চলাচল ও মাছ ধরার আহ্বান জানিয়েছে।