অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ আছেন জোজো
ছবিঃ সংগৃহীত।
দীর্ঘদিনের শারীরিক সমস্যার কারণে সম্প্রতি অস্ত্রোপচার করাতে হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী জোজোকে।হিপ জয়েন্টের জটিল চোট নিয়ে অনেকদিন ধরেই ভুগছিলেন তিনি। অস্ত্রোপচারের এক মাস পূর্ণ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন এই শিল্পী।
পোস্টে জোজো জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে তীব্র ব্যথা নিয়েও কাজ চালিয়ে যেতে হয়েছে তাকে। এমনকি লাঠির সাহায্যে শুটিং করা থেকে শুরু করে চোট নিয়েই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত ওষুধ ও ইনজেকশনের ওপর নির্ভর করে আর পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। বাধ্য হয়েই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে হয়েছে।
অস্ত্রোপচারের সময়ের কিছু ছবি শেয়ার করে জোজো লিখেছেন, ‘শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালনের জন্য আমাকে ব্যথা কমানোর ওষুধের ওপর নির্ভর করে থাকতে হচ্ছিল। এই সুযোগে আমি সেই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যারা মানসিক ও শারীরিকভাবে আমার পাশে ছিলেন।’
তিনি চিকিৎসক, হাসপাতালের কর্মী, ফিজিওথেরাপিস্ট এবং সেবাকর্মীদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। জোজোর ভাষায়, তাদের আন্তরিক যত্ন ও সহযোগিতা কঠিন সময়টিকে অনেকটা সহজ করে দিয়েছে।
তবে শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবেও কঠিন সময় পার করতে হয়েছে তাকে। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে শিল্পী বলেন, ‘সত্যি বলতে, আমি ভেতরে ভেতরে খুব ভয় পেয়েছিলাম। কিন্তু আমার মেয়ে বাজোর জন্য নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছি।’
মেয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জোজো আরও লেখেন, ‘ও আমার সঙ্গে ২৪ ঘণ্টা ছিল। একজন সন্তানের জন্য তার মাকে এমন অবস্থায় দেখা সহজ নয়। তবুও সে সবসময় আমার পাশে থেকেছে এবং আমাকে সাহস জুগিয়েছে।’
শুধু মেয়ে নয়, বাসার সহায়তাকারীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এই সংগীতশিল্পী। তাদের অক্লান্ত সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, সবাই তার সুস্থতার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছেন।
অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ আছেন জোজো। চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়মিত ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। ভক্তদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। খুব শিগগিরই কাজে ফিরবেন এবং আবারও গান নিয়ে হাজির হবেন শ্রোতাদের সামনে।