কাউন্টিতে মুগ্ধ করে যাচ্ছেন হাসান
সংগৃহীত
ইংলিশ কাউন্টিতে নিজের অভিষেকে ৯ উইকেট পেয়েছিলেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে প্রথম ম্যাচে এমন দু্যতি ছড়ানো পারফরম্যান্সের পর তার থেকে প্রত্যাশা আরও বেড়ে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে এখন পর্যন্ত সেই মান রাখলেন বাংলাদেশি এই পেসার।
শনিবার ম্যাচের দ্বিতীয় দিন মিডলসেক্সের বিপক্ষে ব্যাটে-বলে ছাপ রাখলেন হাসান। প্রথমে ব্যাট হাতে ১১ নম্বরে নেমে তিন চারে ৩৯ বলে ২২ রান করেন। অপরাজিত থেকে দলের রান চারশতে নিয়ে যান। পরে বল হাতে প্রথম স্পেলেই পেয়ে যান ২ উইকেট। নিজের আসল কাজটাতে কোনো ছাড় দেননি তিনি। দিন শেষে হাসি ফুটিয়ে রেখেছেন দলের ড্রেসিংরুমে।
ক্যান্টারবুরির সেন্ট লরেন্স গ্রাউন্ডে ম্যাচের প্রথম দিনে ৭ উইকেটে ৩৫৬ রান তোলে কেন্ট। দ্বিতীয় দিন শনিবার ৪১৬ রানে থামে তাদের ইনিংস। লেট অর্ডারে হাসানের ২২ রানের সুবাদে তাদের রান চারশ পেরিয়ে যায়। পরে বল হাতে প্রথম স্পেলেই বোল্ড করেন মিডলসেক্স অধিনায়ক লেউস দু প্লয় ও ক্যালেব ফ্যাকোনারকে। পরে আর উইকেট পাননি। তবে আঁটসাঁট বোলিংয়ে চাপে রেখেছিলেন ব্যাটসম্যানদের। ১৫ ওভার বোলিং করে হাসানের প্রাপ্তি ৬০ রানে ২ উইকেট।
মিডলসেক্স ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল। সেখান থেকে ম্যাক্স হোল্ডেন ও জো ক্র্যাকনেল ৮৯ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙার পর সপ্তম উইকেটে দুর্দান্ত জুটি গড়েন দু প্লয় হোল্ডেন ও জাফার গোহার। তাদের জুটির রান ১৮০। ১৮৮ বলে ১৪৩ রান করে অপরাজিত আছেন হোল্ডেন। তার সঙ্গী গোহারের রান ৭২।
ম্যাচের তৃতীয় দিনে হাসান মাহমুদ কেমন করেন সেটিই দেখার।