মহানবী (সা.) যে আমলকে সর্বোত্তম বলেছেন
ছবি: সংগৃহীত
আবু কাতাদাহ হারিস ইবনে রিবয়ি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার মহানবী (সা.) দাঁড়িয়ে বক্তব্য দিলেন। বললেন, সর্বোত্তম আমল হলো আল্লাহর উপর ঈমান এবং জিহাদ ফি সাবিলিল্লাহ।
এটা শুনে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসুলাল্লাহ, আপনি বলুন, আমি যদি আল্লাহর রাস্তায় নিহত হই, তাহলে আমার গুনাহ কি ক্ষমা করে দেওয়া হবে? উত্তরে রাসুলুল্লাহ (সা.) তাকে বললেন, হ্যাঁ, তুমি যদি সওয়াবের আশায়, সবরের সঙ্গে পিছপা না হয়ে জিহাদ করো, তাহলে ক্ষমা করে দেওয়া হবে। রাসুলুল্লাহ (সা.) বললেন, তুমি কী যেন বলেছিলে? সে বলল, আমি যদি আল্লাহর রাস্তায় নিহত হই, তাহলে আমার পাপ মোচন করা হবে? রাসুলুল্লাহ (সা.) বললেন, হ্যাঁ, তুমি যদি সাওয়াবের আশায়, সবরের সঙ্গে পিছপা না হয়ে জিহাদ কর, তাহলে তোমার পাপ মোচন করে দেওয়া হবে; কিন্তু ঋণ ক্ষমা করা হবে না। নিশ্চয় জিবরিল আমাকে এমনটাই বলেছেন। (সহিহ মুসলিম, হাদিস : ৪৮৮০, মুসনাদে আহমাদ, হাদিস : ২২৫৮৫)
শিক্ষা ও বিধান
১. সর্বোত্তম আমল হলো ঈমান ও আল্লাহর পথে জিহাদ।
২. যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আন্তরিকতার সঙ্গে জীবন উৎসর্গ করে, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক উঁচু হয়ে যায়।
৩. শুধু বাহ্যিক কাজ যথেষ্ট নয়; নিয়তও বিশুদ্ধ হতে হবে।
৪. সবর, দৃঢ়তা এবং আল্লাহর ওপর ভরসা ছাড়া বড় কোনো আমল পূর্ণতা পায় না। এই হাদিস মুমিনকে ধৈর্যের শিক্ষা দেয়।
৫. আল্লাহর পথে শাহাদাত বরণ করলে মানুষের বহু গুনাহ মাফ হয়ে যায়। এটি আল্লাহর অসীম দয়ার একটি নিদর্শন।
এই হাদিস আমাদের শেখায় যে, শাহাদাতের মতো মহান মর্যাদাও মানুষের হক নষ্ট করার দায় থেকে মুক্তি দেয় না। তাই একজন মুমিনের উচিত আল্লাহর হক আদায়ের পাশাপাশি বান্দার হক, বিশেষত ঋণ পরিশোধের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা। আল্লাহর সন্তুষ্টির জন্য আন্তরিকতা, ধৈর্য ও বিশুদ্ধ নিয়তই নাজাতের মূল চাবিকাঠি।
আল্লাহ তাআলা আমাদের বুঝে শুনে আমল করার তাওফিক দান করুক। আমিন।