মাদারীপুরে আ.লীগ নেতাসহ গ্রেফতার ৮
সংগৃহীত
মাদারীপুরে বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই ইউনিয়ন নেতাসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রোববার ভোররাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল ফরাজী এবং ঘটমাঝি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জমাদ্দার।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিষিদ্ধ কার্যক্রমের আওয়ামী লীগের নেতাকর্মীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে—এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানের অংশ হিসেবে দুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।