পূর্বশত্রুতার জেরে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিকি ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্বশত্রুতার জেরে মোনা তালুকদার (৫০) নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় বগুড়ার টিএমএসএস হাসপাতালে তিনি মারা যান।
পুলিশ জানায়, নিহত মোনা তালুকদার উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া তালুকদারপাড়া গ্রামের মৃত সৈয়দ তালুকদারের ছেলে এবং স্থানীয়ভাবে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে মোনার বোন সাজেদার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তুলে একই গ্রামের সোহেল, মুগ্ধসহ কয়েকজন তার বাড়িতে ভাঙচুর ও মারধর চালায়।
এ সময় ঘটনা থামাতে গেলে মোনা তালুকদারকেও বেধড়ক মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় তিনি উল্লাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
রাত ১১টার দিকে মরদেহ উল্লাপাড়ায় আনা হলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ছেলে রায়হান তালুকদার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সোহেলসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।