ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালের কারাদণ্ড

ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালের কারাদণ্ড

ফাইল ছবি

রাজধানীর ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে (ঢাকা মেট্রো সার্কেল-২) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালালচক্রের ৪ সদস্যকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গ্রাহকদের হয়রানি ও প্রতারণা বন্ধে এ অভিযান চালানো হয়।

বুধবার বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাইয়ের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত-৫ এ অভিযান চালায়।

এ সময় গ্রাহকদের সঙ্গে প্রতারণা এবং দ্রুত কাজ করে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে ৪ জনকে আটক করা হয়। পরে আদালতে দোষ স্বীকার করায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন-মো. আব্দুস সালাম, মো. পিন্টু, নুর মোহাম্মদ ও মো. ইয়াছিন আরাফাত। তাদের মধ্যে দু’জনকে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি দু’জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযান চলাকালে প্রতারক চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই সাংবাদিকদের বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে-তারা বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার কথা বলে কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যায়। দালাল ও প্রতারকদের বিরুদ্ধে এ অভিযান চলমান আছে, ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, বিআরটিএতে সেবা নিতে আসা গ্রাহকরা সরাসরি বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাবেন।