বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
সংগৃহীত ছবি
রংপুর জেলার গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে ১ নং গ্রোয়িং বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে তিস্তাপাড় সংলগ্ন এলাকাবাসী। বুধবার বিকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কোলকোন্দ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. আল মামুন।
তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে হাজার হাজার হেক্টর হেক্টর জমি নদীগর্ভে বিলীন হতে রক্ষা পাবে। কোলকোন্দ ইউনিয়নের ১ নং গ্রোয়িং বাঁধটি এখন রক্ষা করতে না পারলে হাজার হাজার বাড়িঘর বিলীন হয়ে যাবে। এ বাঁধে ইতোমধ্যে ভাঙন দেখা দিয়েছে। ব্লক দিয়ে গ্রোয়িং বাঁধ ও ভাঙন এলাকা রক্ষার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান তিনি।
এসময় আরও বক্তব্য রাখেন এনসিপি গংগাচড়া উপজেলা আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুনতাসির মামুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার, সদস্য সচিব শাহিনুর ইসলাম, এনসিপি উপজেলা যুগ্ম সদস্য সচিব সামিউল ইসলাম শুভ, জেলা ছাত্রশক্তির সদস্য আব্দুলা আস মুইদ, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য হুমায়ন কবির লাল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।