ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের মিছিল-সমাবেশ
সংগৃহীত ছবি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং সাংগঠনিক সপ্তাহ পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
বুধবার (২৪ জুন) বিকালে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জেলা যুবদলের উদ্যোগে মিছিলটি বের করা হয়। জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি রাশেদুল হক, সহসভাপতি নাসির আহমেদ, সহসভাপতি রাশেদ কবীর আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান, সৈয়দ তৈমুর, রুমেল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ, সদস্যসচিব অ্যাডভোকেট ইয়াছিন মিয়াসহ অন্যান্য নেতারা।
সমাবেশে নেতারা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য দেন। তারা বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এবং জনসম্পৃক্ত রাজনীতিকে এগিয়ে নিতে যুবদল সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি করছে। দেশের স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার এসব কার্যক্রম প্রতিহত করতেই সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও যুবদল মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।