২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাজারে স্বর্ণের দামে পতন
প্রতীকী ছবি।
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমেছে স্বর্ণ ও রৌপ্যের দাম। ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম সমন্বয়ের তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হচ্ছে।
আরো বলা হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুসারে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারাট ২ লাখ ১৩ হাজার ৪৩, ১৮ ক্যারাট ১ লাখ ৮২ হাজার ৯৫১ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে গতকাল দেশের বাজারে ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ হয়েছিল।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮১ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪০ দফা, কমানো হয়েছে ৪০ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রৌপ্যের দাম। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারাটের প্রতি ভরি রৌপ্যের দাম পড়বে ৪ হাজার ৪৯১ টাকা। একইভাবে ২১ ক্যারাটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারাট ৩ হাজার ৬৭৪ এবং সনাতন পদ্ধতির রৌপ্যের দাম ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করেছে বাজুস।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৯ দফা সমন্বয় করা হয়েছে রৌপ্যের দাম। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২৫ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে বেড়েছিল ১০ বার।