কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন
সংগৃহীত
ঝিনাইদহে প্রস্তাবিত মেডিকেল কলেজ জেলার মধ্যবর্তী এলাকা কালীগঞ্জ উপজেলার বেজপাড়ায় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভাপতির বক্তব্যে মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাংবাদিক সোহেল আহম্মেদ বলেন, জেলার ছয় উপজেলার যোগাযোগব্যবস্থা বিবেচনায় কালীগঞ্জ-ঝিনাইদহ মহাসড়কসংলগ্ন বেজপাড়ায় মেডিকেল কলেজ স্থাপন করলে জেলার অধিকাংশ মানুষ সহজে চিকিৎসাসেবা ও চিকিৎসাশিক্ষার সুযোগ পাবেন।
এ সময় বক্তব্য দেন কালীগঞ্জ উন্নয়ন ফোরাম ও বাস্তবায়ন কমিটির অন্যতম সংগঠক প্রভাষক আনিসুর রহমান, সাংবাদিক জামির হোসেন, সমাজসেবক আশরাফুল ইসলাম, পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা, ব্যাংকার আবু জাফর, প্রভাষক খায়রুল ইসলাম, কমিটির সদস্য হারুন অর রশিদ এবং ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন উষার সভাপতি।
বক্তারা বলেন, বেজপাড়ায় সরকারি পতিত জমি থাকায় সেখানে মেডিকেল কলেজ স্থাপন করলে ভূমি অধিগ্রহণে সরকারের অতিরিক্ত ব্যয় হবে না। একই সঙ্গে কালীগঞ্জ জেলার মধ্যবর্তী এলাকায় হওয়ায় কোটচাঁদপুর, মহেশপুর এবং পাশের চুয়াডাঙ্গা জেলার মানুষও সহজে চিকিৎসাসেবা পাবেন।
তারা দ্রুত বেজপাড়ায় মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।