জর্ডান গোলরক্ষককে দর্শক বানিয়ে ফ্রি-কিকে মেসির গোল
লিওনেল মেসি
যেন তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না জর্ডান গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লার! ৬০ মিনিটে বদলি নামা লিওনেল মেসি বরাবর ২০ মিনিটের ব্যবধানে ফ্রি-কিকে আসরে নিজের ষষ্ঠ গোলটি করলেন। মানবদেয়ালের ফাঁক গলে শট নিয়েই তিনি সফল। ৮০ মিনিটের মাথায় জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা এগিয়ে গেল ৩-১ ব্যবধানে।
প্রতিপক্ষ ফুটবলারকে কাটিয়ে জর্ডানের বক্সে ঢোকা কিংবা শট নেওয়ার চেষ্টায় ছিলেন মেসি। আমের জামুস তাকে থামাতে গিয়ে টেনে ধরেন। এরপর রেফারি ফাউলের বাঁশি বাজালে ২৫ গজ দূরত্বে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। মানবদেয়ালের পাশে দাঁড়ানো অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, মার্কোস সেনেসি ও নিকোলাস ওতামেন্দি কৌশলে সরে গেলে মেসি নিচু শটে বল জালে জড়ান।
এ নিয়ে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য এক কীর্তিতে নাম লেখালেন লিওনেল মেসি। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের দিনে টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন।
এর আগে মেসি মাঠে নামার মিনিট পাঁচেক আগে (৫৫) জর্ডান ব্যবধান কমিয়ে ২-১ করে। আর প্রথমার্ধে জিওভান্নি লো সেলসোর ফ্রি-ক্রিক ও লাউতারো মার্টিনেজের পেনাল্টিতে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টিনা।