বরিশালের গৌরনদীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বরিশালের গৌরনদীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রতীকী ছবি।

বরিশালের গৌরনদীতে আল আমিন হাওলাদার (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন হাওলাদার ওই এলাকার মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে।

নিহতের মা মনজিলা বেগম জানান, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তবে কী কারণে আল আমিন আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় আল আমিনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি গৌরনদী মডেল থানায় জানান। খবর পেয়ে থানার এএসআই মো. আমির হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে। তদন্তে কোনো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় আনা হবে।