রিভিউয়ে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে: আসলাম চৌধুরী

রিভিউয়ে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে: আসলাম চৌধুরী

সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর প্রতিক্রিয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী বলেছেন, রিভিউয়ের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে।

মঙ্গলবার দুপুরে তার মিডিয়া সেল থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ প্রতিক্রিয়া জানান তিনি।

আসলাম চৌধুরী বলেন, মনোনয়নপত্র দাখিলের পর রিটার্নিং কর্মকর্তা সেটি বৈধ ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশনও মনোনয়ন বৈধ রাখে। বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট হলেও সেটি খারিজ হয়। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে আপিলের পরও আমাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন।

আসলাম চৌধুরী আরও বলেন, আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো প্রকাশ হয়নি। পূর্ণাঙ্গ রায়ের পর আইনগত কোনো বিষয় থাকলে সবকিছু মিলে আমাদের রিভিউ করার সুযোগ থাকবে। আমাদের বিশ্বাস, রিভিউয়ের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে এবং সবকিছু মিলে আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, একই দিন অপর এক ভিডিও বার্তায় বিএনপি নেতা আসলাম চৌধুরী সড়ক অবরোধ ও মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি না করার জন্য চট্টগ্রাম-৪ নির্বাচনি এলাকার জনসাধারণের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ঋণখেলাপীর দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায়ের পর আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা।