যানজটমুক্ত বগুড়া গড়তে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু

যানজটমুক্ত বগুড়া গড়তে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু

সংগৃহীত ছবি

যানজটমুক্ত বগুড়া সিটি কর্পোরেশন গড়ে তোলা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে বগুড়া সিটি কর্পোরেশন।

বুধবার (১ জুলাই) দুপুরে মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথা ও জিলা স্কুলসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানপাট ও ভ্যান উচ্ছেদ করে সিটি কর্পোরেশনের যানবাহনে জব্দ করা হয়।

সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন দায়িত্ব গ্রহণের পর থেকেই বগুড়াকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, মহানগরের ফুটপাত দখল হয়ে যাওয়ায় নাগরিক ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিশেষ করে সাতমাথা, জিলা স্কুল ও সার্কিট হাউস এলাকার ফুটপাত দখল থাকায় পথচারীদের সামান্য দূরত্ব অতিক্রম করতেও রিকশা বা অন্য যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন সাংবাদিকদের বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে, বগুড়া মহানগরে একটি সিন্ডিকেট ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছে। তাদের অনেকের মার্কেটের ভেতরে স্থায়ী দোকান থাকা সত্ত্বেও অধিক লাভের আশায় ফুটপাতে লোক বসিয়ে কিংবা ভ্যানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। আজ আমরা সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছি। তবে আগামীতে এ ধরনের উচ্ছেদ অভিযান আরও কঠোরভাবে পরিচালিত হবে। মহানগরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও পর্যায়ক্রমে অভিযান চলবে।

তিনি আরও বলেন, ফুটপাত পুনর্দখল ঠেকাতে এবং নগরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তরা ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফুটপাত যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি করবেন।