তেলের উৎপাদন বাড়াতে পারে ওপেক প্লাস
ফাইল ছবি
তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস আগামী রবিবার তাদের বৈঠকে আগস্ট মাস থেকে তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা আরো বাড়ানোর বিষয়ে সম্ভবত একমত হবে। হরমুজ প্রণালি ধীরে ধীরে পুনরায় খুলে যাওয়ায় তেলের দাম কমার এই সময়ে এই উৎপাদন বৃদ্ধি সরবরাহ বাড়াবে। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, আগস্ট মাসের জন্য এই লক্ষ্যমাত্রা দৈনিক প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যারেল বাড়বে, যা জুন ও জুলাই মাসের সমান।
মন্তব্যের অনুরোধে ওপেক তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ওপেক প্লাসের সাতটি মূল সদস্য, যেটিতে ওপেক এবং রাশিয়া সহ সহযোগী উৎপাদকরা রয়েছে, এপ্রিল থেকে জুলাই পর্যন্ত তাদের উৎপাদন কোটা দৈনিক প্রায় ৮ লাখ ব্যারেল বাড়িয়েছে। তবে, ইরান যুদ্ধের কারণে মূল সদস্যদের মধ্যে উৎপাদন তীব্রভাবে হ্রাস পেয়েছে।
ওপেক-এর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে ৪২ দশমিক ৭৭ মিলিয়ন ব্যারেল থেকে মে মাসে ওপেক প্লাসের উৎপাদন কমে ৩৩ দশমিক ১৩ মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে।
তবুও, দুর্বল চীনা আমদানি, মধ্যপ্রাচ্যের বাইরের উৎপাদকদের উচ্চ রপ্তানি, আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) মাধ্যমে সমন্বিত রেকর্ড পরিমাণ কৌশলগত মজুত হ্রাস এবং যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সরবরাহ সংক্রান্ত উদ্বেগ কমাতে সাহায্য করেছে। এসবের চাপে তেলের দাম যুদ্ধ-পূর্ববর্তী স্তরে ফিরে এসেছে। বুধকার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭২ ডলারের সামান্য বেশি ছিল।