ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত ৬, কিয়েভে ক্ষমতার লড়াই

ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত ৬, কিয়েভে ক্ষমতার লড়াই

সংগৃহীত

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত অর্ধশতাধিক। চরম উত্তেজনার মাঝেই কিয়েভের অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে তীব্র ক্ষমতার লড়াই। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জেলেনস্কির বিরুদ্ধে লড়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি।

ইউক্রেনের আকাশজুড়ে আবারও দেখা গেছে রুশ বোমারু বিমান ও ড্রোনের তাণ্ডব। বুধবার (০১ জুলাই) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভসহ ওডেসা ও খেরসন অঞ্চলে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে পুতিন বাহিনী। স্থানীয় প্রশাসন জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে।

পাল্টা আঘাত হানছে ইউক্রেনও। রুশ সীমান্তবর্তী এলাকাগুলো লক্ষ্য করে ড্রোন হামলা অব্যাহত রেখেছে জেলেনস্কি বাহিনী। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এসব হামলায় টার্গেট করা হচ্ছে রাশিয়ার তেল শোধনাগারগুলো।

রণক্ষেত্রের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পটপরিবর্তনের আভাস মিলছে। দেশটির সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভলোদিমির জেলেনস্কিকে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন। 

জালুঝনি সাফ জানিয়েছেন, দেশের মানুষ তার ওপর আস্থা রাখছে এবং তিনি জনগণের এই বিশ্বাসের অমর্যাদা করতে পারবেন না।

ইউক্রেন সংকট সমাধান নিয়ে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন এসেছে কি না, সে বিষয়ে রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলে দাবি করেছে মস্কো।

এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, দ্বিপাক্ষিক যোগাযোগের মাধ্যমে মার্কিন প্রশাসন তাদের অবস্থানের কোনো রদবদলের কথা ক্রেমলিনকে অবহিত করেনি। তবে যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ নেই উল্লেখ করে মস্কো বলছে, আলাস্কা সম্মেলনের বোঝাপড়া অনুযায়ী যেকোনো ন্যায্য ও টেকসই সমাধানের প্রস্তাব বিবেচনা করতে তারা এখনো প্রস্তুত।