গাইবান্ধায় ট্রাকচাপায় মসজিদের খাদেম নিহত

গাইবান্ধায় ট্রাকচাপায় মসজিদের খাদেম নিহত

ফাইল ছবি

গাইবান্ধা শহরে পৌরসভার ময়লাবাহী ট্রাকের চাপায় মাসুদুর রহমান মাসুদ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মাসুদ শহরের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি সদর উপজেলা মডেল মসজিদের খাদেম ছিলেন।

শুক্রবার বেলা ১২টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর আঞ্চলিক সড়কের শহরের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে বাসা থেকে শহরের খানকাহ্ শরীফ এলাকায় কর্মস্থল মডেল মসজিদের উদ্দেশে মোটরসাইকেলে যাচ্ছিলেন মাসুদ। পথে পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পৌরসভার একটি ময়লার ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যান।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।