তদন্ত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে ‘পালালেন’ দক্ষিণ কোরিয়ার কোচ

তদন্ত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে ‘পালালেন’ দক্ষিণ কোরিয়ার কোচ

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ে দক্ষিণ কোরিয়ার ফুটবল সমর্থকদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। যা নিয়ে পুরো দেশে ক্ষোভের আগুন জ্বলছে। আর এই আগুনের সবচেয়ে বড় শিকার হয়েছেন দলের সদ্য সাবেক কোচ হং মিয়ুং-বো।

বিশ্বকাপ শেষে দেশে ফিরতেই বিমানবন্দরে সমর্থকরা ‘হং আউট’ স্লোগান দিয়ে ঘিরে ধরেন তাকে। কেউ কেউ প্ল্যাকার্ড হাতে ‘বেতন ফেরত নেওয়া হোক’ লিখে প্রতিবাদ জানান। গাড়িতে ওঠার আগ পর্যন্ত গালাগালির ঝড় বয়ে যায়। এমন উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তার শঙ্কায় দেশে থাকাই বিপজ্জনক মনে করেন হং। ফলে দেশে ফেরার মাত্র দুদিনের মাথায় তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।

সেখানে তার পরিবার আগে থেকেই বসবাস করছে। মেক্সিকো থেকে দেশে ফেরার পর কয়েকদিন বিশ্রামের কথা থাকলেও, পরিস্থিতি বুঝে তিনি তাড়াহুড়ো করে আমেরিকায় পাড়ি দেন।

হং মিয়ুং-বো ইতোমধ্যে পদত্যাগ করেছেন এবং দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন। তবে সমর্থকদের ক্ষোভ কমেনি। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, রাজনৈতিক চাপ ও সরকারি তদন্ত এড়াতেই তিনি বিদেশে চলে গেছেন। 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ুং নিজে এই ব্যর্থতার গুরুতর তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যোগ্যতার চেয়ে পক্ষপাতিত্ব ও ব্যক্তিগত সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়ায় এমন ভরাডুবি হয়েছে। জাতীয় সংসদেও এ নিয়ে তুমুল আলোচনা চলছে।

যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে হং সাংবাদিকদের বলেন, ‘আমি অনেক কথা বলতে চাই, কিন্তু এখনো সেই সময় আসেনি।’ তিনি দলের অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগও উড়িয়ে দিয়েছেন। তবে সমালোচকরা তার এই সফরকে ‘পালিয়ে যাওয়া’ হিসেবেই দেখছেন।