টিকটকে মন্তব্য করা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
প্রতিকী ছবি
নড়াইল সদর উপজেলায় টিকটকে মন্তব্য করা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের নড়াইল জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (৩ জুলাই) সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিকটকে মন্তব্য করা নিয়ে সম্প্রতি রতডাঙ্গা গ্রামের মল্লিকপাড়ার মন্নু মোল্যার ছেলে আশরাফুল এবং উত্তরপাড়ার কবির ফকিরের ছেলে মিজানের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরপর বাকবিতণ্ডার একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এর জেরে মল্লিকপাড়া ও উত্তরপাড়ার লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষের প্রস্তুতি নিতে থাকে। একপর্যায়ে শুক্রবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।