রফতানি প্রণোদনার আবেদন নিরীক্ষায় নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

রফতানি প্রণোদনার আবেদন নিরীক্ষায় নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

ছবি: সংগৃহীত

রফতানির বিপরীতে নগদ সহায়তা বা রফতানি প্রণোদনার আবেদন নিরীক্ষা কার্যক্রমে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনার আবেদন সংশ্লিষ্ট ব্যাংকে নিয়োজিত একই অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা করা যাবে। তবে প্রয়োজন হলে অতিরিক্ত অডিট ফার্ম নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।

রোববার (৫ জুলাই) এ বিষয়ে বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ (এফইপিডি-১) থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞপনে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের রফতানির বিপরীতে নগদ সহায়তা বা রফতানি ভর্তুকির আবেদনপত্র বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসাপেক্ষে সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব নিরীক্ষায় নিয়োজিত একই অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করা যাবে।

তবে নিরীক্ষার জন্য অতিরিক্ত অডিট ফার্মের প্রয়োজন হলে তার যৌক্তিকতা, সংশ্লিষ্ট ফার্মের পূর্ববর্তী নিয়োগের তথ্য, নগদ সহায়তা বা রফতানি ভর্তুকির মামলার সংখ্যা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১-এর কাছে অনুমোদনের জন্য আবেদন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে আগে জারি করা ২০২৩ ও ২০২৪ সালের সংশ্লিষ্ট সার্কুলারের অন্যান্য নির্দেশনা বহাল থাকবে। নতুন নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।