কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৭
সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন।
সোমবার (৬ জুলাই) ভোরে হামলাটি চালানো হয়। খবর সিএনএনের।
এ হামলার সময় শহরের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, পোদিলস্কি এলাকার একটি ক্ষতিগ্রস্ত ভবনের ওপরের তলা থেকে শিশুসহ কয়েকজন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
এখনও কিছু মানুষ ভবনের ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। হামলার সময় শহরজুড়ে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হলে অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যান।
এর কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছিলেন যে, রাশিয়া নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তার সেই আশঙ্কার মধ্যেই কিয়েভে এই প্রাণঘাতী হামলা চালানো হলো।
বৃহস্পতিবারও (২ জুলাই) কিয়েভে রাশিয়ার এক ভয়াবহ হামলায় ৩০ জন নিহত হন। যুদ্ধ শুরুর পর সেটি ছিল রাজধানী কিয়েভে তৃতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। নতুন এই হামলার ফলে শহরটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ বেড়েছে।