গাইবান্ধায় ২৮৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সংগৃহীত ছবি
গাইবান্ধায় ২৮৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধারাই এলাকার আশরাফুল ইসলাম (৩৬) ও যশোরের কোতয়ালী থানার বাহাদুরপুর এলাকার কামাল হোসেন সুমন (২৭)। তাঁদের সহযোগী মনোয়ারুল ইসলাম (৩৫) ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার দিবাগত রাতে সদর উপজেলার কামারজানি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল কামারজানি বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আশরাফুল ইসলাম ও কামাল হোসেন সুমনের দেহ তল্লাশি করে ২৮৭ পিস ইয়াবা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে জব্দ করা ইয়াবাসহ গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া মনোয়ারুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।