মুক্তির প্রথম দিনে কত আয় করল ‘ধামাল ৪’
ফাইল ছবি
বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’ আবার ফিরেছে রুপালি পর্দায়। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে তারকা বহুল সিনেমাটি। অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি, জাভেদ জাফরি এবং সঞ্জয় মিশ্রের কমেডিতে মেতেছেন সিনেমাপ্রেমীরা।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতের বাজারে সিনেমাটি আয় করেছে ১৩ কোটি ৭৫ লাখ রুপি। গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১৬ কোটি ৫০ লাখ রুপিতে। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৫ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী প্রথম দিনে ধামাল ৪-এর মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ২১ কোটি ৫০ লাখ রুপি।
মুক্তির দিন সকালের দিকে প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের শো-গুলোতে হাউসফুল ছিল। পরিসংখ্যান বলছে, প্রথম দিনে গড় দর্শক উপস্থিতি ছিল সাড়ে ২৪ শতাংশ। সকালের শোতে মাত্র ৮ শতাংশের কাছাকাছি দর্শক থাকলেও দুপুরের দিকে তা ১৯ শতাংশ ছাড়িয়ে যায়। সন্ধ্যার শোতে দর্শক উপস্থিতি ছিল প্রায় ২৫ শতাংশ। এবং রাতের শোতে একলাফে বেড়ে দাঁড়ায় ৪২ শতাংশ।
বলিউডের প্রভাবশালী ম্যাগাজিন ফিল্মফেয়ার সিনেমাটিকে ৫-এর মধ্যে ৩ তারকা রেটিং দিয়েছে। তাদের রিভিউতে বলা হয়েছে, সিনেমার মূল সমস্যা হলো প্রতিটি দৃশ্য ঝড়ের গতিতে আসে। দর্শকদের দম ফেলার সুযোগ দেয় না। চিৎকার, দৌড়াদৌড়ি আর ভাঙচুরের ঘটনা কিছুটা একঘেয়েমি তৈরি করেছে। কমেডি সাধারণত একটা ছন্দের ওপর নির্ভর করে। কিন্তু ‘ধামাল ৪’ অতিরিক্ত শোরগোল ফুটে উঠেছে।
তবে ফিল্মফেয়ার এটাও বলেছে, ধামাল সিরিজের সিনেমায় যুক্তি খোঁজা বোকামি। দর্শক টিকিট কেটে হলে যান একদল মানুষের পাগলামি দেখতে। সেই হিসেবে সিনেমাটি দর্শকদের বিনোদন দিতে সফল হয়েছে। সাপ্তাহের ছুটির দিনগুলোতে আয় আরও বাড়বে বলে ধারণা করছেন হল মালিকেরা।