টানা বৃষ্টিতে আতঙ্কে পাহাড়বাসী, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ

টানা বৃষ্টিতে আতঙ্কে পাহাড়বাসী, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ

সংগৃহীত ছবি

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড় ধসের আশঙ্কায় উৎকণ্ঠায় দিন কাটছে জেলার বাসিন্দাদের। নিরাপত্তার জন্য অনেকেই ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্র কিংবা স্বজনদের বাড়িতে চলে গেছেন। দিনের বেলায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও রাত নামলেই বাড়ছে আতঙ্ক।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাঙামাটির ৪৭টি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ৩ হাজার ৮২০ জন আশ্রয় নিয়েছেন। এছাড়া অসংখ্য পরিবার আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান করছে। পাহাড় ধসের শঙ্কায় জেলার লাখো মানুষ উদ্বেগের মধ্যে দিন পার করছেন।

সংশ্লিষ্টরা জানান, টানা কয়েক দিনের বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে গেছে। ফলে যেকোনো সময়, যেকোনো স্থানে পাহাড় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। কোথাও সড়ক ধসে যাচ্ছে, কোথাও কালভার্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার কোথাও মাটি চাপা পড়ছে বসতঘর।

স্থানীয়দের ভাষ্য, প্রতিবছর বর্ষায় ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটলেও এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। মাত্র এক সপ্তাহের টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকা ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে।

রাঙামাটি সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, টানা এক সপ্তাহের বৃষ্টিতে ২৫টি স্থানে সড়ক ও কালর্ভট ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি এর চেয়ে বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলেও আরও বড়ধরনের ঘটনা ঘটতে পারে। বৃষ্টি এখনো অব্যাহত আছে। তাই ভাঙ্গনও অব্যাহত রয়েছে।