রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল বাস, নিহত ৫, আহত ২০
ফাইল ছবি
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে এবং একাধিক যানবাহনে আগুন ধরিয়ে দেয়। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের শুয়াদি এলাকায় সড়ক দুর্ঘটনায় উদ্ধারকাজ চলাকালে একটি যাত্রীবাহী বাস জনতার ওপর উঠে গেলে অন্তত পাঁচজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুয়াদি এলাকায় ডিমবোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন গাড়িটি উদ্ধারে এগিয়ে আসেন।
এ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস উদ্ধারকাজে অংশ নেওয়া লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত পাঁচজন নিহত হন এবং কমপক্ষে ২০ জন আহত হন।
গুরুতর আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদেরও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে এবং একাধিক যানবাহনে আগুন ধরিয়ে দেয়। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।