২০৩০ বিশ্বকাপে খেলবে কত দল? নতুন সিদ্ধান্ত জানাল ফিফা

২০৩০ বিশ্বকাপে খেলবে কত দল? নতুন সিদ্ধান্ত জানাল ফিফা

ফাইল ছবি

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চকে আরও বড় করার স্বপ্ন দেখছে ফিফা। ৩২ দল থেকে ৪৮ দলে উন্নীত হয়েছে বিশ্বকাপ, এবার হয়তো সেই সংখ্যা পৌঁছে যাবে ৬৪-এ। শতবর্ষের বিশেষ আসরে ফুটবলকে সত্যিকারের ‘বিশ্বমঞ্চ’ বানাতে চান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, চলতি বিশ্বকাপ শেষ হলেই ২০৩০ সালের আসরকে ৬৪ দলের ফরম্যাটে নিয়ে যাওয়ার বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে। সুইস সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন।

২০২৬ সালের বিশ্বকাপ ইতিমধ্যে ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। এর আগে দীর্ঘদিন ধরে ৩২ দলের ফরম্যাট চালু ছিল। ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজন হবে তিন মহাদেশের ছয়টি দেশে।

উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে প্রত্যেকে একটি করে উদ্বোধনী ম্যাচ আয়োজন করবে। বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল কর্মকর্তাদের প্রস্তাবের পর গত বছর থেকেই এ নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

ইনফান্তিনো জোর দিয়ে বলেন, “বিশ্বকাপ কেবল ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়, এটি পুরো বিশ্বের। প্রতিটি দেশেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার অধিকার রয়েছে।” তিনি আরও বলেন, ছোট দেশগুলোকে সুযোগ না দিলে তাদের ফুটবল উন্নয়নের কোনো তাগিদ থাকবে না। বর্তমানে বিশ্বের সব প্রান্তে ফুটবলের মান দ্রুত বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

৪৮ দলের ফরম্যাটকে ‘পুরোপুরি সফল’ বলে দাবি করেছেন ফিফা প্রধান। তবে এ সিদ্ধান্তের সমালোচনাও কম হয়নি। ঘানার কোচ কার্লোস কুইরোজসহ কয়েকজন অভিজ্ঞ ব্যক্তি বলেছেন, এতে যোগ্যতা পর্বের গুরুত্ব কমে গেছে এবং টুর্নামেন্টের মান কিছুটা সাধারণ হয়ে পড়েছে।

প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব আগে উঠলেও পরে তা স্থগিত করা হয়েছে। 

ইনফান্তিনো জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। ট্রাম্প টেলিভিশনে প্রায় প্রতিটি ম্যাচ দেখছেন এবং টুর্নামেন্ট উপভোগ করছেন। ফাইনালে তিনি উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন বলেও নিশ্চিত করা হয়েছে।

২০৩০ বিশ্বকাপ যদি সত্যিই ৬৪ দলে উন্নীত হয়, তাহলে ফুটবলের সবচেয়ে বড় আসরটি আরও বেশি দেশ ও ফুটবলপ্রেমীর কাছে পৌঁছে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চলতি আসরের পর।