বরিশালে জুলাই শহিদ দিবস পালিত

বরিশালে জুলাই শহিদ দিবস পালিত

সংগৃহীত ছবি

যথাযোগ্য মর্যাদায় বরিশালে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর আমতলা মোড়ে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, ন্যায় ও সমতার ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

পরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, জুলাই আন্দোলন ছিল বৈষম্য, বঞ্চনা, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে গণপ্রতিরোধ। এই আন্দোলনে সর্বস্তরের মানুষের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো রক্তক্ষয়ী সংগ্রামের প্রয়োজন না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাদের পরিবারের কল্যাণে সরকার কর্মসংস্থান, মাসিক সম্মানী ভাতা এবং দেশ-বিদেশে চিকিৎসাসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে। গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধাদের মধ্যে ‘ক’ শ্রেণির সদস্যরা মাসে ২০ হাজার, ‘খ’ শ্রেণির সদস্যরা ১৫ হাজার এবং ‘গ’ শ্রেণির সদস্যরা ১০ হাজার টাকা সম্মানী ভাতা পাচ্ছেন। জুলাই যোদ্ধাদের কল্যাণে সরকারের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।