হাতিয়ায় কেওড়া বাগানে জোয়ারে ভেসে এলো মরদেহ
প্রতিকি ছবি
নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মরদেহ উদ্ধারে পুলিশ ও নৌ পুলিশের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসি মার্কেটসংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের একটি কেওড়া বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে শুক্রবার দুপুরে হাতিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, জোয়ারের পানির সঙ্গে ভেসে এসে মরদেহটি কেওড়া বাগানে আটকে যায়। দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি পুলিশকে জানানো হলেও রাত পর্যন্ত মরদেহ উদ্ধার করা হয়নি। তাদের অভিযোগ, পুলিশ ও নৌ পুলিশের মধ্যে সমন্বয়ের অভাবে দীর্ঘ সময় মরদেহটি ঘটনাস্থলেই পড়ে ছিল।
নিঝুমদ্বীপ ইউনিয়ন নৌ পুলিশ কেন্দ্রের ইনচার্জ আশিকুর রহমান বলেন, বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘটনাস্থলটি নদীর কাছাকাছি হওয়ায় এটি নৌ পুলিশের আওতাধীন বলে বিবেচিত হয়। এছাড়া কেওড়া বাগানটি সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে এবং সেখানে জোয়ারের পানি থাকায় তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পরে শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।