আদালত চত্বর থেকে ব্যবসায়ী অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় গ্রেফতার ২

আদালত চত্বর থেকে ব্যবসায়ী অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় গ্রেফতার ২

প্রতিকি ছবি

নরসিংদী আদালত চত্বর থেকে এক ব্যবসায়ীকে অপহরণ, মারধর এবং মুক্তিপণ আদায়ের মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে মামলার অন্যতম আসামি কনটেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবুল এখনও পলাতক।

গ্রেফতাররা হলেন বিলাসদী এলাকার মিজানুর রহমানের ছেলে ইনসান মিয়া (৪০) এবং ছাদু মিয়ার ছেলে শরিফ মিয়া (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিল গোবিন্দপুর এলাকার বাসিন্দা লিখন তালুকদার (৩৫) নরসিংদী আদালতে হাজিরা শেষে বের হলে এজাহারভুক্ত আসামি মাসুদ রানা বাবুলসহ কয়েকজন তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে আটকে রেখে তাকে মারধর করা হয় এবং মুক্তিপণ হিসেবে ১ লাখ ১৮ হাজার টাকা আদায় করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী লিখন তালুকদার ৯ জুলাই নরসিংদী মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার পর নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে নরসিংদী মডেল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার বিলাসদী এলাকায় অভিযান চালিয়ে ইনসান মিয়া ও শরিফ মিয়াকে গ্রেফতার করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।