ডেঙ্গু নিয়ন্ত্রণে গুলশানে মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে গুলশানে মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম শুরু

সংগৃহীত ছবি

বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম শুরু হয়েছে।

 

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে গুলশানে অবস্থিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় গুলশান এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, পাড়া-মহল্লা ও বস্তি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। পাশাপাশি ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, পৃথিবীর সব দেশেই মশা রয়েছে। কিন্তু মশার কামড়ে বাংলাদেশের মতো এত মানুষের মৃত্যু অন্য কোথাও হয় না। শুধু অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে গত তিন বছরে প্রায় ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক ও হতাশাজনক।

তিনি আরও বলেন, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এ ধরনের মৃত্যু এড়ানো সম্ভব। ডেঙ্গু প্রতিরোধ বা মশা নিয়ন্ত্রণ কোনো একদিনের বা নির্দিষ্ট সময়ের কার্যক্রম নয়। এজন্য গুলশান সোসাইটি সারাবছরব্যাপী এ কার্যক্রম চালিয়ে যাবে।

অনুষ্ঠানে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সহ-সভাপতি আব্দুল মাজেদসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।