আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি’ বলা এসপির ভিডিও ভাইরাল

আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি’ বলা এসপির ভিডিও ভাইরাল

সংগৃহীত ছবি

জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, ‘ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়।’

 

বুধবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, পুলিশ সুপার কুমিল্লায় যোগদানের পরও ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

জবাবে পুলিশ সুপার বলেন, ‘এটা রাজনৈতিক মঞ্চ নয়। একটি বাহিনী সম্পর্কে এভাবে কথা বলা যায় না। আপনি যখন কোনো সভায় বক্তব্য দেবেন, তখন তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলবেন।’

পরে ফখরুল ইসলাম মিঠু আবারও অভিযোগ করেন, ‘আমরা তথ্য দিলেও পুলিশ গ্রেফতার করছে না।’

এর জবাবে পুলিশ সুপার বলেন, ‘আপনারা নিজেদের শত্রুকেও এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বলা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর দেশে কার্যত কোনো পুলিশ ছিল না। পুলিশ বাহিনী ঘুরে দাঁড়িয়েছে। এখনো পুলিশে ফ্যাসিস্ট সরকারের সময়ের লোকজন রয়েছে। গত ১৭ বছরে বিভিন্ন বিভাগকে দুর্বল করে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের বয়স মাত্র চার মাস। সরকারকে সময় দিতে হবে। একটি শিশুরও খাওয়া শিখতে ৯-১০ মাস সময় লাগে।’

আলোচনা সভায় জেলা প্রশাসক রোজী আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন