৩ ভুয়া সিআইডি সদস্য গ্রেফতার

৩ ভুয়া সিআইডি সদস্য গ্রেফতার

প্রতিকি ছবি

গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পরিচয়ে ডলার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তিন ভুয়া সিআইডি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ভুয়া পুলিশি আদেশপত্র, দুটি ওয়াকিটকি, পুলিশ লেখা মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, ডলার কেনার কথা বলে অভিযুক্তরা সাদুল্লাপুরে একটি বাড়িতে গিয়ে নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে ডলারভর্তি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে যান। পরে খবর পেয়ে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার জানান, এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা হয়েছে। একই সঙ্গে ডলার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত কাদের ওরফে সুকটু এবং ইয়াসিনকে গ্রেপ্তারে অভিযান চলছে।