ভেটেরিনারি ছাড়পত্র ছাড়াই পশু জবাই, ব্যবসায়ীকে জরিমানা

ভেটেরিনারি ছাড়পত্র ছাড়াই পশু জবাই, ব্যবসায়ীকে জরিমানা

ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভেটেরিনারি ছাড়পত্র ছাড়া পশু জবাই ও মাংস বিক্রির অভিযোগে নজরুল ইসলাম নামে এক মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে উপজেলার খড়িবাড়ী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে নজরুল ইসলামকে এ জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল ওয়াদুদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও দিলারা আক্তার বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ মাংস নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।